সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “সংসদের খারাপ সংস্কৃতিকে আমরা মানুষের মন থেকে মুছে দেব।”
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের সঙ্গে কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, হাউস কনভেনশনসহ অন্যান্য বিষয় নিয়ে আলাপ হয়েছে। এছাড়া বিশ্বের শক্তিশালী গণতন্ত্রে সংসদের কার্যক্রম এবং শৃঙ্খলা চর্চার ওপরও আলোচনা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, “ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখলে জাতি আশ্বস্ত হবে এবং বলবে—এমন সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যে নেতিবাচকতা ছিল, সেগুলো মানুষের মনে আর থাকবে না।”
সালাহউদ্দিন আরও বলেন, নতুন সংসদ সদস্যরা তাদের দায়িত্ব নতুনভাবে শুরু করবেন, শিখবেন ভালো। তারা যদি কোনো খারাপ সংস্কৃতি না গ্রহণ করেন, তবে সংসদে একটি সতেজ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হবে। তিনি তুলনা করে বলেন, যেমন একটি শিশু জন্মের পর ভালো সংস্কৃতি শিখে, ঠিক তেমনি নবীন এমপিরাও সুশৃঙ্খল পরিবেশে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
তিনি যোগ করেন, নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে—এই লক্ষ্য নিয়েই তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
দুদিনের এ কর্মশালার শেষ দিনে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলে অংশগ্রহণ করবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে মূলত নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপি ও মন্ত্রিপরিষদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ, মন্ত্রণালয় পরিচালনা এবং কৌশলগত দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হচ্ছে।