বেতন-ঈদ বোনাসের দাবিতে লক্ষ্মীপুরে শ্রমিকদের বিক্ষোভ

লক্ষ্মীপুরের রায়পুরে বেতন ও ঈদ ভাতার দাবিতে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে অবস্থিত বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রধান ফটক ও রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। ওই সময় সড়কের দুপাশে শতাধিক গাড়ি আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিম মিয়া। তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দেয়। শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ হওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
শ্রমিকেরা জানান, বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চারদিন ছুটি দেয়া হয়। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এসে দেখি গেইটে তালা মারা ও নোটিশ ছাটানো। কিন্তু কোনো পূর্বঘোষণা ও এক মাসের বেতন-ভাতা না দিয়েই কর্তৃপক্ষ শুক্রবার থেকে আগামী ৪৫ দিন পর্যন্ত (৩০ মার্চ-০২৬ইং) কারখানা ছুটির ঘোষণা দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান শ্রমিকেরা। শ্রমিক ছাড়াও কারখানার স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদেরও ছয়-সাত মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে।
আন্দোলনরত জর্ণা বেগম ও আরিফ হোসেনসহ কয়েকজন শ্রমিক জানান, কারখানাটিতে ৮’শ শ্রমিক কর্মরত। তাদের এক মাসের বেতন বাকি রয়েছে। বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই ঈদের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। পরে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন তারা।
বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ম্যানেজার সাইফুল করিম বলেন, ‘চাইনিজ নিউ ইয়ার এবং বায়ার কর্তৃক কাঁচামাল সরবরাহ বন্ধ থাকায় কারখানা উৎপাদন সম্ভব না থাকায় তা বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তাদের ছুটি দেয়া হয়েছে। এ কারণে শ্রমিকদের এক মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা সম্ভব হয়নি। আগামীকাল রোববার বিকেলের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা হবে। ঈদের পর মালিকপক্ষ এলে এবং ব্যাংক চালু হলে সবার দাবিদাওয়া পূরণ করে দেওয়া হবে।’