জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে কাজের অঙ্গীকার তারেক রহমানের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ বিএনপির প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে, এবার তা কাজের মাধ্যমে ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। মানুষের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখাই হবে দলের অগ্রাধিকার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, শত নির্যাতন-নিপীড়নের মধ্যেও তারা রাজপথ ছাড়েননি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অটুট ছিলেন। এখন দেশ গড়ার পালা। দেশ পুনর্গঠনের এ যাত্রায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি শান্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিরঙ্কুশ বিজয়ের পরও সম্ভাব্য উত্তেজনা এড়াতে তিনি সারাদেশে বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছিলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও তা যেন প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
বক্তব্যের শেষে তিনি বিশ্বের গণতান্ত্রিক শক্তি, প্রবাসী বাংলাদেশি এবং দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি বিজয়ের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।