মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

শিশুর সকালের জন্য সুস্বাদু ও পুষ্টিকর চকোলেট স্মুদি

শিশুর সকালের জন্য সুস্বাদু ও পুষ্টিকর চকোলেট স্মুদি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অনেক বাবা-মা প্রোটিন মানেই ভাবেন, শিশুদের জন্য একগাদা মাছ বা মাংস খাওয়ানোই যথেষ্ট। কিন্তু বাস্তবে, এতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পুরোপুরি মেটে না। পাশাপাশি, অতিরিক্ত মাংস বা প্রক্রিয়াজাত খাবার খেলে শরীরে ট্রান্স ফ্যাটের মাত্রা বেড়ে যেতে পারে, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ।

শিশুর সকালের জলখাবার প্রোটিন সমৃদ্ধ হওয়াই বিশেষ জরুরি। প্রোটিন শুধু পেশি মজবুত করতে সাহায্য করে না, বরং দেহের প্রতিটি কোষ তৈরিতে এর গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে, খাদ্যে ফাইবারও থাকা প্রয়োজন, যা হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।

এই কারণে, ছোটদের এমন খাবার দেওয়া উচিত যা প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ—যেমন ডিম, দই, বাদাম, সবজি, শস্য ও ফল। সঠিক খাদ্যাভ্যাস শিশুদের বৃদ্ধি ও সুস্থতার জন্য মাইলফলক হয়ে দাঁড়ায়।

ওট্‌স, তিসি বা সূর্যমুখীর বীজ প্রোটিন, ভিটামিন সমৃদ্ধ। তবে ছোটদের রোজ ওট্‌স দিলে খেতে চাইবে না। তাই এমন ভাবে খাবার তৈরি করুন যা ছোটদের পছন্দের হবে। চটোকেলট প্রায় সব শিশুই পছন্দ করে। তাই একঘেয়ে জলখাবারের বদলে চকোলেট দিয়ে বানিয়ে দিতে পারেন প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ স্মুদি। তা খেতেও ভাল হবে এবং পুষ্টিকরও। রইল তেমনই কিছু রেসিপি।

চকো-ওট্‌স পাওয়ার স্মুদি

তিন খেচে চার চামচ ওট্‌স সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে সেটি ব্লেন্ড করে নিয়ে এর সঙ্গে মেশান একটি পাকা কলা, এক চামচ কোকো পাউডার, ১ চামচ তিসির বীজ, ১ কাপ দুধ এবং ১ চামচ মধু। সমস্ত উপকরণ মিক্সিতে ভাল করে ব্লেন্ড করে নিন। উপরে কয়েকটি কাঠবাদামের কুচি ছড়িয়ে দিন। এই স্মুদি খেতেও ভাল এবং প্রোটিনেও ভরপুর।

পিনাট বাটার ও তিসির স্মুদি

এক চামচ পিনাট বাটার, ২ চামচ ওট্‌স, ১ চামচ তিসির বীজ, সামান্য ডার্ক চকোলেট, ১ গ্লাস ঠান্ডা দুধ ও ২টি খেজুর নিতে হবে। সমস্ত উপকরণ ভাল করে ব্লেন্ড করে নিন। এই স্মুদিতে চিনি বা গুড় মেশাবেন না। কোনও রকম ম্যাপল সিরাপ মেশানোরও প্রয়োজন নেই। খেজুরের জন্যই স্মুদি মিষ্টি হবে।

দই-চকোলেট প্রোবায়োটিক স্মুদি

দই পেটের জন্য ভাল। যে শিশুরা পেটের অসুখে বেশি ভোগে, তাদের রোজের খাবারে টক দই রাখলে উপকার হবে। ১ কাপ টক দই, ১ চামচ কোকো পাউডার, এক চামচ মধু, ১ চামচ তিসির বীজ নিতে হবে। দইয়ের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন বা ব্লেন্ডারে হালকা ঘুরিয়ে নিন। উপরে সামান্য ডার্ক চকোলেট গ্রেট করে দিতে পারেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন