সাভারে ভয়ংকর মোবাইল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সাভারে চোরাই মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনকারী একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের শিমুলতলা টাওয়ার মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে আইএমইআই পরিবর্তনের বিশেষ সফটওয়্যার সমৃদ্ধ ল্যাপটপ, ৯টি চোরাই মোবাইল ফোন এবং ফোন আনলক করার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. ইকরামুল হোসেন (২৫): চক্রের মূলহোতা। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার সুলতানপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে এবং বর্তমানে সাভারের শাহীবাগ এলাকায় বসবাস করেন। ২. জালাল (৪০): সাভারের উত্তর চাপাইন লালটেক এলাকার মৃত বাবর আলীর ছেলে।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শিমুলতলা টাওয়ার মার্কেটে বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে ছিনতাইকৃত বা চুরি হওয়া মোবাইলের পরিচয় মুছে ফেলার জন্য প্রযুক্তির অপব্যবহার করে আইএমইআই নম্বর পরিবর্তন করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইকরামুল হোসেন স্বীকার করেছেন যে, তাদের দলে ১০-১২ জন সক্রিয় সদস্য রয়েছে। এই সদস্যরা বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকা থেকে মোবাইল চুরি বা ছিনতাই করে জালালের কাছে পৌঁছে দিত। পরবর্তীতে ল্যাপটপ ও অবৈধ সফটওয়্যার ব্যবহার করে ফোনের আইএমইআই বদলে ফেলা হতো, যাতে ফোনগুলো ট্র্যাকিং করা অসম্ভব হয়ে পড়ে। এরপর সেগুলো সাভার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করা হতো।
ওসি সাইদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।