আসামি গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিল ক্র্যাব

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামিদের ছবি ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে ক্র্যাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপসারণের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।
মানববন্ধনে জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ল’ রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডিজাব), রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।
ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম বলেন, ক্র্যাব সদস্যদের পিকনিকের বাসে চাঁদার দাবিতে হামলার ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজিপির পক্ষ থেকে আহতদের খোঁজ না নেওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। হামলাকারীরা চিহ্নিত চাঁদাবাজ দাবি করে তাদের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগও তোলেন তিনি।
ডিইউজে সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ক্রাইম রিপোর্টারদের ওপর হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরে। দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করার দাবি জানান তিনি। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিবাদ সমাবেশে ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, সিসিটিভি ফুটেজে আসামিরা শনাক্ত হলেও এখনো গ্রেপ্তার না হওয়া প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ। দেরিতে অভিযান চালিয়ে আসামিদের পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্র্যাবের পিকনিকের বাসে চাঁদা দাবিতে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ জন ক্র্যাব সদস্য আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহতরা চিকিৎসা শেষে বর্তমানে নিজ নিজ বাসায় রয়েছেন। এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।