গণমাধ্যমকর্মীদের সম্মানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় চলছে। রাজনৈতিক ও পেশাগত সৌজন্যতার অংশ হিসেবে আয়োজিত এই সাক্ষাৎকে ঘিরে গণমাধ্যম অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, এই সাক্ষাৎকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও মতবিনিময় হচ্ছে বলে জানা গেছে।
গণমাধ্যমের প্রতিনিধিরা জানান, এই ধরনের সরাসরি সাক্ষাৎ রাজনৈতিক নেতৃত্ব ও সংবাদমাধ্যমের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক। তারা আশা প্রকাশ করেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখবে এমন সংলাপ।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় পর্বটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি ) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়।
দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব ড. হুমায়ূন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত রয়েছেন- দৈনিক যুগান্তরের সম্পাদক ও বিএনপি উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবি আব্দুল হাই শিকদার, আমাদের সময় পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এডিটর ইনাম আহমেদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহাবুবুল আলম, রয়টার্সের সিনিয়র সাংবাদিক রুমা পল, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ইমতিয়াজ আহমেদ, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক ড. মাহফুজ আনাম এবং নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ।
এছাড়া, বিভিন্ন জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন গণমাধ্যমকর্মী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।