ঠান্ডায় স্বস্তির খাবার: সহজ রেসিপিতে ক্রিম অব টমেটো স্যুপ

শীতের দিনে হালকা গরম ও আরামদায়ক কিছু খেতে চাইলে ক্রিম অব টমেটো স্যুপ হতে পারে দারুণ একটি পছন্দ। টাটকা টমেটোর টক–মিষ্টি স্বাদ আর ক্রিমের মসৃণতার মিশেলে তৈরি এই স্যুপ যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। অল্প উপকরণ ও কম সময়েই ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় এই জনপ্রিয় স্যুপ, যা হালকা ডিনার বা সন্ধ্যার নাশতার জন্য একেবারে পারফেক্ট।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজেই তৈরি করবেন ক্রিম অব টমেটো স্যুপ—
প্রয়োজনীয় উপকরণ
১. বড় লাল টমেটো – ৫টি
২. পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ
৩. রসুন কুচি – ১ চা চামচ
৪. আদা কুচি – ১ চা চামচ
৫. গাজর কুচি – ১ কাপ
৬. কালো গোলমরিচ – ৫টি
৭. স্টক বা পানি – ৪ কাপ
৮. মাখন – ২ টেবিল চামচ
৯. কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ
১০. ক্রিম – ১ কাপ
১১. চিনি – স্বাদমতো
১২. লবণ – স্বাদমতো
১৩. সাজানোর জন্য ভাজা পাউরুটির টুকরা – ৫টি
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে মাখন গরম করে পেঁয়াজ, রসুন ও আদা হালকা নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর গাজর ও কুচি করা টমেটো যোগ করে মাঝারি আঁচে ৫–৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না টমেটো ভালোভাবে নরম হয়ে যায়।
এরপর চুলা বন্ধ করে মিশ্রণটি ব্লেন্ডারে নিয়ে মসৃণ করে নিন। ব্লেন্ড করা টমেটোর মিশ্রণ আবার পাত্রে ঢেলে চুলায় বসান। এতে স্টক বা পানি যোগ করে লবণ, চিনি ও গোলমরিচ মিশিয়ে ১০–১৫ মিনিট ফুটতে দিন।
স্যুপ ভালোভাবে ফুটে উঠলে কর্নফ্লাওয়ার ও ক্রিম যোগ করে নেড়ে নিন। ঘন হয়ে এলে চুলা বন্ধ করুন। গরম গরম স্যুপ বাটিতে ঢেলে উপরে ভাজা পাউরুটির টুকরা বা এক চামচ ক্রিম দিয়ে পরিবেশন করুন।
শীতের সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন ঘরে বানানো এই মজাদার ক্রিম অব টমেটো স্যুপ।