গুইমারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫-২০২৬ অর্থ-বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, অড়হর, বোরো উফশী এবং বোরো হাইব্রিড ধানের রাসায়নিক সার ও বীজ সহায়তা দেওয়া হয়।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে এই প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন গুইমারার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিশকাতুল তামান্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তোফায়েল আহমেদ।
বক্তারা কৃষকদের উদ্দেশে বলেন, সরকার প্রদত্ত এই সার ও বীজ সুষ্ঠুভাবে পরিচর্যার মাধ্যমে আপনারা আশানুরূপ ফলন পাবেন। কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে উপসহকারী কৃষি অফিসারদের সহায়তা নেওয়ার জন্য তাঁরা আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবলু হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা রমনী কুমার ত্রিপুরা, মুজিবর রহমান, সুমন নাথ, বেলায়েত ভূঁইয়া, সোলেমান, সাংবাদিক, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।