বাড়িতেই তৈরি করুন কোরিয়ান বিবিমবাপ

কোরিয়ান রামেন, কিমচির পাশাপাশি বিবিমবাপও বেশ জনপ্রিয় খাবার। এটি অনেকটা আমাদের দেশের ফ্রাইড রাইসের মতো। তবে একটু ভিন্নভাবে রান্না করা হয়।
সুস্বাদু ও স্বাস্থ্যকর এই খাবার তৈরিতে সময় কম লাগে। তাই অল্প সময়েই বাড়িতে তৈরি করতে পারবেন। যা বাড়ির সবাই পছন্দ করবে। রইলো রেসিপি।
উপকরণ (২-৩ জনের জন্য)
ভাত: ২ কাপ
গাজর: ১টি (ছোট কিউব করে কাটা)
শসা: ১টি (পাতলা স্লাইস)
পালং শাক: ১ কাপ (সেদ্ধ করা)
মাশরুম: আধা কাপ (কাটা)
ডিম: ২টি
চিকেন: আধা কাপ (কিউব করে কাটা)
সয়াসস: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
গোলমরিচ: সামান্য
কোরিয়ান গোচুজাং (লাল মরিচ পেস্ট): ২ টেবিল চামচ
তিলের তেল: ৩ চা চামচ
ভিনেগার: ১ চা চামচ
চিনি: আধা চা চামচ
তিল ভাজা: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
প্রস্তুত প্রণালী
সবজি প্রস্তুতি:
প্রতিটি সবজি আলাদা করে হালকা সেদ্ধ করুন। গাজর, মাশরুম ও শসা অল্প তেলে ভেজে একপাশে রাখুন। পালং শাক সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিন, তিলের তেল ও লবণ মেশান।
ডিমগুলো আলাদা করে পোচ করুন। একটি প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে ভাজুন। তারপর চিকেন, সয়াসস, চিনি, তিলের তেল ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভাজুন।
একটি বাটিতে গোচুজাং, তিলের তেল, মধু, রসুন কুচি ও ভিনেগার মিশিয়ে সস বানান।
একটি বাটিতে গরম ভাত রাখুন। চারপাশে সবজি ও রান্না করা চিকেন সাজান।মাঝখানে পোচ করা ডিম রাখুন। গোচুজাং সস উপর থেকে ঢালুন। খাওয়ার আগে সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন।