মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা

নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর আলোকবালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার। এ ঘটনায় তাঁর মাথা ফেটে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরিদা গুলশানারা কবির জানান, ঘটনার পর তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাথার ডান পাশে চারটি সেলাই দিতে হয়েছে। মাথায় আঘাত থাকায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বরাতে জানা যায়, আলোকবালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের ভেতরে অবস্থান করছিলেন আইয়ুব খান সরকার। এসময় আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউয়ুমকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তাঁর সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে আইয়ুব গুরুতর আহত হন। পরে অন্যান্য সাংবাদিক ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, সাংবাদিক আইয়ুব খানের ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন