মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযোগ বক্স চালুর ঘোষণা

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযোগ বক্স চালুর ঘোষণা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমদ ফয়সল।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে তিনি অভিযোগ বক্স স্থাপনের ঘোষণা দেন। 

ইউএনও বলেন, “রোগীরা ডাক্তারদের সেবা ও স্বাস্থ্য কমপ্লেক্সের যেকোনো অনিয়ম সম্পর্কে মতামত বা অভিযোগ এই বক্সে জমা দিতে পারবেন। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও প্রয়োজনে অভিযোগ দিতে পারবেন। প্রতি মাসে বক্স খোলা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মীদের অপ্রতুল বেতন প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। 

বক্তারা বলেন, “মাত্র দুই হাজার টাকা বেতনে কারো পক্ষে স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। তাদের বেতন বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, সাবেক সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামী আমির ফজলুল হক ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, দৈনিক প্রতিদিনের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব, সাংবাদিক শাহাজান শাকিলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

চিকিৎসকদের মধ্যে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু, ডা. সুমন কবীর, ডা. ইদ্রিস, ডা. ফেরদৌস সুলতানা ডায়না, ডা. নাহিদ হাসান, ডা. ফরিদুল ইসলাম ও ডা. সাইফুদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রুহুল আমিন।

সভায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ও পরিবেশ উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন