মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভারতে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, নাম-পরিচয় যাচাই শেষে রাত ৯টার দিকে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ফেরত আসা ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষী গ্রামের মনিরা পারভীন (৪৭), একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), একই উপজেলার বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়ইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত মাসুম বিল্লাহ জানান, কাজের সন্ধানে তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। সম্প্রতি পরিস্থিতি অনুকূলে না থাকায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এ কারণে ২৪ আগস্ট রাতে স্বেচ্ছায় হাকিমপুর বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন তারা।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন