ভিন্ন স্বাদের পদ: গরুর মাংসের শুটকি রান্না

বাংলার ঐতিহ্যবাহী খাবারের তালিকায় শুটকির নাম আলাদা করে উল্লেখ করার মতো। তবে শুধু মাছ নয়, বিশেষভাবে তৈরি গরুর মাংসের শুটকিও ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সুগন্ধি মসলা আর ঝাল–মশলার মিশ্রণে রান্না করা গরুর মাংসের শুটকি ভাতের সঙ্গে যেন অতুলনীয় স্বাদের এক অনন্য পদ। এই বিশেষ রান্নাটি শুধু পেট ভরায় না, খাবারের টেবিলে নিয়ে আসে ভিন্ন স্বাদের আনন্দ।
- গরুর মাংসের শুটকি রান্নার নিয়ম
উপকরণ
(১) গরুর মাংসের শুটকি- ১/২ কেজি ( আগে থেকে হাড় ছাড়া গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে, ধুয়ে সুই-সুতা দিয়ে ২-৩ দিন ধরে কড়া রোদে লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে শুকিয়ে নিতে হবে)
(২) পেঁয়াজ কুঁচি- ১ বাটি
(৩) রসুন বাটা- ১ টেবিল চামচ
(৪) আদা বাটা- ১ টেবিল চামচ
(৫) মরিচ গুঁড়া- ১ চা চামচ
(৬) হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
(৭) ধনিয়ে গুঁড়া- ১ চা চামচ
(৮) জিরা বাটা/ জিরা গুঁড়া- ১/২ চা চামচ
(৯) কাঁচা মরিচ- ২ চা চামচ
(১০) এলাচ-৩ টি
(১১) দারচিনি টুকরা- ৩টি
(১২) রসুনের কোয়া- ৫/৬টি
(১৩) তেল- ১/৩ কাপ
(১৪) লবণ- পরিমাণমতো
প্রণালী
১. প্রথমে গরুর মাংসের শুটকি গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিন।
২. এবার প্রেশার কুকার-এ সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। যখন ৭-৮টা সিটি দিবে, তখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিন।
৩. তারপর একটি প্যান-এ মসলাগুলো দিয়ে ভেজে নিন। অনেকে রসুনের কোয়া বাগাড়ে দিতে পছন্দ করেন, যদি রসুনের স্মেল ভালো লাগে তাহলে আস্ত রসুনই দিতে পারেন।
৪. এরপর এতে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মসলা দিয়ে কষিয়ে নিন।
৫. মসলা কষানো হয়ে গেলে তাতে বিফ শুটকি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৬. এখন এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন।
৭. পানি শুকিয়ে তেল উঠে এলে নামিয়ে নিন!
হয়ে গেল, মজাদার ময়মনসিংহের বিখ্যাত গরুর মাংসের শুটকি! তাহলে ট্রাই করুন আপনিও!
দৈএনকে/ জে. আ