মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ভূগর্ভে লুকিয়ে ছিল ৩ হাজার বছরের পুরোনো এক নগরী!

ভূগর্ভে লুকিয়ে ছিল ৩ হাজার বছরের পুরোনো এক নগরী!
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার জঙ্গলে প্রায় ৩ হাজার বছরের পুরোনো মায়ান সভ্যতার এক শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। সেখানে তাঁরা পিরামিড, স্মৃতিস্তম্ভ এবং অনন্য একটি খাল (পানি নিষ্কাশন ব্যবস্থা) আবিস্কার করতে পেরেছেন। এগুলো পরীক্ষানিরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, এটি মায়ান সভ্যতার একেবারে শুরুর দিককার একটি শহর এবং বিভিন্ন আচার-অনুষ্ঠানের জন্যেও এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সম্প্রতি (২৯ মে) গুয়াতেমালার সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে দেশটির উত্তরাঞ্চলের গভীর জঙ্গলে মায়ান সভ্যতার এই শহর আবিস্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্নতাত্ত্বিকরা নতুন আবিষ্কৃত এই শহরটিতে একাধিক পিরামিড ও স্মৃতিস্তম্ভ খুঁজে পেয়েছেন যেগুলো ইঙ্গিত দিচ্ছে শহরটি আচার-অনুষ্ঠানের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। 

উল্লেখ্য, খ্রিষ্টপূর্ব ২০০০ সালে, অর্থাৎ আজ থেকে ৪ হাজার বছর আগে, উৎপত্তি হয় মায়ান সভ্যতার। তবে সভ্যতাটির সবচেয়ে সেরা সময় ছিল ৪০০ থেকে ৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কাল। যদিও সপ্তদশ শতাব্দী পর্যন্ত মায়ান সভ্যতার অস্তিত্ব টিকে ছিল। বর্তমান মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চল, গুয়াতেমালা, এবং বেলিজ, এল সালভাদর ও হন্ডুরাসের কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিল মায়ান সভ্যতা।

গুয়াতেমালার সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রত্নতাত্ত্বিকদের আবিষ্কৃত নতুন এই শহরটি নাম ‘লস আবুয়েলস’- স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘দাদা-দাদি’ (দ্য গ্র্যান্ডপ্যারেন্টস)। দেশটির উত্তর পেতেন বিভাগের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান উয়াক্সাকতুন থেকে নতুন খুঁজে পাওয়া এই শহরটির দূরত্ব ২১ কিলোমিটার (১৩ মাইল)।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সদ্য খুঁজে পাওয়া শহরটি ‘মধ্য প্রিক্ল্যাসিক’ যুগের বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, ৮০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালে গড়ে উঠেছিল এটি। মেক্সিকো সীমান্তের সন্নিকটে পেতেনের জঙ্গলে আবিষ্কৃত এই শহরটি মায়ান সভ্যতার ‘সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক কেন্দ্রগুলোর’ একটি বলে বিশ্বাস প্রত্নতাত্ত্বিকদের।  

বিবৃতিতে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘এই স্থানটি অসাধারণ স্থাপত্য পরিকম্পনার দৃষ্টান্ত তুলে ধরেছে।’ এখানে পাওয়া পিরামিড ও স্মৃতিস্তম্ভগুলো এই অঞ্চলের অনন্য আইকনোগ্রাফি’র নিদর্শন বহন করছে। উল্লেখ্য, আইকনোগ্রাফি হচ্ছে চিত্রকলায় ব্যবহৃত বিভিন্ন ভিজ্যুয়াল ইমেজ ও প্রতীক, যেটি নির্দিষ্ট একটি অঞ্চলের স্বকীয়তার পরিচায়ক হিসেবে গণ্য। 

‘লস আবুয়েলস’ শহরটির নামকরণ করা হয়েছে ‘পূর্বপুরুষ দম্পতি’ (অ্যানসেসট্রাল কাপোল) নামে দুটি মানবসদৃশ ভাস্কর্য থেকে, যেগুলো প্রত্নতাত্ত্বিক এই স্থানটিতেই পাওয়া গেছে। এই দুটো ভাস্কর্য ৫০০ থেকে ৩০০ খ্রিস্টপূর্বাব্দের বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রণালয় বলছে, ভাস্কর্য দুটি পূর্বপুরুষদের পূজা করার প্রাচীন রীতি ও আচার-অনুষ্ঠানের সাথে সম্পর্কিত হতে পারে।

তথ্যসূত্র: ফ্রান্স২৪ ডট কম


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন