অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নেওয়া বিভিন্ন নীতি এবং বিশেষ করে ইরানে সামরিক অভিযানের সিদ্ধান্তের জেরে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তাঁকে অভিশংসনের উদ্যোগ নিলে দলটিই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সাফল্যের পর বুধবার প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা তাঁকে অভিশংসনের উদ্যোগ নিতে পারে কি না এবং এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না।
জবাবে ট্রাম্প বলেন, এ নিয়ে তাঁর বিন্দুমাত্র উদ্বেগ নেই। তাঁর মতে, কোনো যুক্তিসংগত কারণ ছাড়া অভিশংসনের উদ্যোগ নেওয়া হলে তাতে ডেমোক্রেটিক পার্টিই ক্ষতিগ্রস্ত হবে।
ট্রাম্প বলেন, “আমি বিন্দুমাত্র চিন্তিত নই; বরং আমার মনে হয়, তারা যদি এমনটা করে—অর্থাৎ কোনো কারণ ছাড়াই অভিশংসন আনে—তবে তা ডেমোক্র্যাটিক পার্টিকেই ধ্বংস করে দেবে। কিসের জন্য? একটি সফল দেশ গড়ার জন্য? আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।”
মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা বড় জয় পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পরদিন বুধবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি সেখানে নির্মাণাধীন নতুন প্রকল্প ‘বলরুম’ ঘুরিয়ে দেখান এবং প্রায় ২০ মিনিট ধরে সেটি নিয়ে কথা বলেন। তবে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
ইরানে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার সময় ডেমোক্রেটিক পার্টির মতামত উপেক্ষা করেছিলেন ট্রাম্প। একইভাবে ক্ষমতায় ফেরার পর অভিবাসনবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রেও বিরোধী দলের আপত্তিকে গুরুত্ব দেননি তিনি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তিনি নিজে নির্বাচনে প্রার্থী হলে জয়ী হতেন। তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় সমর্থকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছেন, কিন্তু সেই সমর্থন রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ভোটে রূপান্তর করা সম্ভব হয়নি।
তবে নির্বাচনের ফল প্রকাশের পর মঙ্গলবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডেমোক্র্যাটদের অভিনন্দন জানান ট্রাম্প। সেখানে তিনি লেখেন, “ডেমোক্র্যাটদের অভিনন্দন। তারা ভালো কাজ করেছে। ১১ বছর ধরে তারা এই জয়ের অপেক্ষায় ছিল, অবশেষে তারা তা পেয়েছে। ডেমোক্র্যাটরা ভালো করেছে।”