বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, বন্ধুকে হত্যায় কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে হবে: হুমায়ুন কবির প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে: রাষ্ট্রপতি অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প নাহিদ ইসলামকে বক্তব্য প্রত্যাহারে ১০ দিনের আইনি নোটিশ মোংলা বন্দরে ৩৩৬ মিলিয়ন ডলারের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা, নতুন দর কার্যকর ক্যানভায় বড় পুনর্গঠন, পরিবর্তনের আওতায় ১ হাজার ২৭১টি পদ ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
  • নাহিদ ইসলামকে বক্তব্য প্রত্যাহারে ১০ দিনের আইনি নোটিশ

    নাহিদ ইসলামকে বক্তব্য প্রত্যাহারে ১০ দিনের আইনি নোটিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তারেক রহমানকে নিয়ে ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য এসেছেন, দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নেই’—এমন বক্তব্য প্রত্যাহারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামের বরাবর এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

    নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম তারেক রহমানকে নিয়ে ওই মন্তব্য করেন। বক্তব্যটি নোটিশদাতার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি বিব্রত, ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছেন বলে উল্লেখ করেন।

    আইনজীবী হাবিবুর রহমানের দাবি, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে চাঁদাবাজি ও লুটপাটের উদ্দেশ্যে রাজনীতিতে আসার অভিযোগে অভিযুক্ত করা দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়। নোটিশে নাহিদ ইসলামের বক্তব্যকে কাল্পনিক, অগ্রহণযোগ্য ও রাজনৈতিক অদূরদর্শিতার পরিচায়ক বলেও উল্লেখ করা হয়েছে।

    নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। এ ধরনের মন্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

    তারেক রহমানের পারিবারিক রাজনৈতিক পরিচয় উল্লেখ করে নোটিশে বলা হয়, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ভাবমূর্তির কারণে তারেক রহমানের বিরুদ্ধে এমন কর্মকাণ্ডের অভিযোগ মানুষ বিশ্বাস করতে চায় না।

    নোটিশে বলা হয়েছে, নির্ধারিত ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন