তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশ জানায়, উদ্ধারের সময় ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হয়। তাঁর পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। মুখে ছিল হালকা দাড়ি।
পকেটে পাওয়া আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি। তাঁর বাসা রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিও তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর, ২০২৪ সালের ২৮ আগস্টের কাছাকাছি সময়ে তাহসিফসহ বিমানবাহিনীর আরও চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানা গেছে।
তাহসিফের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।