মুমিনুলের উইকেট বিলিয়ে দেওয়া শটে বিপাকে বাংলাদেশ

মিরপুর টেস্টে শুরুতে উইকেট হারালেও সাদমান ইসলামের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। তবে ভালো অবস্থানে থেকেও অহেতুক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। মধ্যাহ্ন বিরতির আগে দুই উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৯৬ রান।
ইনিংসের শুরুতেই জেইডেন সিলসের বলে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ১০ রানে দ্বিতীয় স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল কাভার দিয়ে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে বসেন তানজিদ। তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৭ রান।
এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজনের ব্যাটে ভালোই এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় উইকেটে তাঁদের জুটি থেকে আসে ৫৯ রান। তবে দলীয় ৬১ রানে এসে থামে মুমিনুলের ইনিংস।
বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান আক্রমণে আসার পর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে যান মুমিনুল। মিড-অফের ওপর দিয়ে বল উড়িয়ে মারার চেষ্টা করলেও ব্যাটে ঠিকমতো সংযোগ হয়নি। ফলে শামার জোসেফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
৫১ বলে দুই চারের সাহায্যে ২৮ রান করেন মুমিনুল। আউট হওয়ার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর মোট রান ৫ হাজার ২৯৩।
প্রথম সেশনে ২৯ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ৮০ বলে ৪২ রান করে অপরাজিত আছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ২০ বলে ১৫ রান নিয়ে। চোটের কারণে এই ম্যাচে খেলছেন না অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।