বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা আইসিটি, অটোমোবাইল ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার ৩ হাজারের বেশি বাংলাদেশি জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: প্রতিমন্ত্রী শাহে আলম শীতের আগেই সুস্থ থাকতে খাবার, ত্বক ও মনের যত্ন নিন জিয়াউর রহমানের পরিবেশনীতি: খাল খনন থেকে পানির অধিকার এআইয়ের গতি বাড়াতে এম৬ চিপের ম্যাকবুক প্রো ও আইম্যাক আনল অ্যাপল ইসলামের দৃষ্টিতে কোন সময়ের স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি?
  • আর্জেন্টিনাকে ৯০ কোটি ডলার ঋণ দিতে আইএমএফের প্রাথমিক সমঝোতা

    আর্জেন্টিনাকে ৯০ কোটি ডলার ঋণ দিতে আইএমএফের প্রাথমিক সমঝোতা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অগ্রগতি মূল্যায়নের পর আর্জেন্টিনাকে প্রায় ৯০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও দেশটির কর্তৃপক্ষ। আইএমএফের নির্বাহী পর্ষদ অনুমোদন দিলে এই অর্থ ছাড়ের সুযোগ তৈরি হবে।

    স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আর্জেন্টিনার ৪৮ মাস মেয়াদি বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) কর্মসূচির তৃতীয় পর্যালোচনা শেষে এ সমঝোতা হয়েছে। এর আওতায় প্রায় ৬০ কোটি এসডিআর, যা মার্কিন ডলারে প্রায় ৯০০ মিলিয়নের সমপরিমাণ অর্থ পাওয়ার সুযোগ তৈরি হবে।

    আইএমএফ জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি জটিল হওয়া সত্ত্বেও আর্জেন্টিনার অর্থনৈতিক সংস্কার কর্মসূচি ইতিবাচক ফল দিচ্ছে। সরকারের সতর্ক রাজস্ব ও মুদ্রানীতি মূল্যস্ফীতি কমাতে সহায়তা করেছে। একই সঙ্গে দেশটির বৈদেশিক লেনদেনের অবস্থান এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার সক্ষমতা জোরদার হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, আর্জেন্টিনার নিট আন্তর্জাতিক রিজার্ভ জুনের শেষ নাগাদ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ বিলিয়ন ডলার বেশি হয়েছে। চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত প্রায় ১৬ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা কিনেছে। এ ছাড়া স্থানীয় বাজার থেকে সরকার ৫ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে।

    কেন্দ্রীয় ব্যাংক তাদের রেপো ঋণের ৬ বিলিয়ন ডলার পুনঃঅর্থায়ন করেছে, যার মধ্যে ৫ বিলিয়ন ডলারের মেয়াদ ২০২৮ সালে শেষ হবে। পাশাপাশি সরকারি ঋণদাতাদের সহায়তায় সরকার ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের আন্তসীমান্ত ব্যাংক অর্থায়ন নিশ্চিত করেছে। চলতি বছরের শেষ নাগাদ আরও ১ বিলিয়ন ডলারের অর্থায়ন নিশ্চিত করার প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছে।

    আইএমএফের মূল্যায়নে বলা হয়েছে, বাণিজ্য, শ্রমবাজার, বিনিয়োগ ও পুঁজিবাজারে কাঠামোগত সংস্কারের ফলে আর্জেন্টিনার অর্থনীতি আরও দক্ষ ও বাজারভিত্তিক হয়ে উঠছে। দেশটির রপ্তানির পরিমাণও নতুন উচ্চতায় পৌঁছেছে। বৃহৎ বিনিয়োগ উৎসাহিত করার বিশেষ কর্মসূচি রিজিআইয়ের (RIGI) আওতায় অনুমোদিত বিনিয়োগের পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।

    সমঝোতার আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার এবং প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে একটি সমন্বিত নীতিপ্যাকেজ বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

    রাজস্বনীতির ক্ষেত্রে ২০২৬ সালে জিডিপির ১ দশমিক ৪ শতাংশ প্রাথমিক উদ্বৃত্ত অর্জনের লক্ষ্য বহাল থাকবে। ২০২৭ সালেও একই ধরনের রাজস্ব প্রচেষ্টা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জিত হলে টানা চতুর্থ বছরের মতো প্রাথমিক রাজস্ব উদ্বৃত্ত এবং সামগ্রিক রাজস্ব ভারসাম্য বজায় রাখতে পারবে দেশটি। সরকারি ব্যয়ে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কর ও রাজস্ব কাঠামোয় সংস্কারের মাধ্যমে আর্থিক সংহতি জোরদার করা হবে। তবে সামাজিক খাত ও অবকাঠামোর অগ্রাধিকারপ্রাপ্ত ব্যয় সুরক্ষিত রাখার কথাও বলা হয়েছে।

    মুদ্রানীতির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক অর্থের সামগ্রিক সরবরাহ নিয়ন্ত্রণের নীতি অব্যাহত রাখবে। মূল্যস্ফীতি কমানো ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর লক্ষ্য বিবেচনায় নিয়ে এ নীতি নির্ধারণ করা হবে। একই সঙ্গে বিনিময় হার ব্যবস্থায় নমনীয়তা বজায় রাখা, বাজারে তারল্য ব্যবস্থাপনা উন্নত করা এবং অর্থনীতিতে ঋণপ্রবাহের সতর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করতে অভ্যন্তরীণ পুঁজিবাজার, সরকারি ও আন্তর্জাতিক অংশীদারদের অর্থায়ন এবং রাষ্ট্রীয় সম্পদ বেসরকারীকরণ থেকে পাওয়া অর্থ কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প ঋণসুবিধা ব্যবহারের প্রস্তুতিও বজায় রাখবে আর্জেন্টিনা। পাশাপাশি ঋণের মেয়াদ বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে অভ্যন্তরীণ পুঁজিবাজারের উন্নয়ন, দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বৃদ্ধি, কৌশলগত বিনিয়োগ বাস্তবায়ন এবং অবকাঠামো খাতে সম্প্রতি দেওয়া ছাড় কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমবাজার ও অন্যান্য খাতে চলমান সংস্কারের সঙ্গে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়বে বলে আশা করছে আইএমএফ।

    বিবৃতিতে সংস্থাটি আর্জেন্টিনার কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার প্রশংসা করেছে। সম্মত পদক্ষেপগুলোর বাকি কাজ শেষ হলে কর্মসূচির তৃতীয় পর্যালোচনা ডিসেম্বরের শুরুতে আইএমএফের নির্বাহী পর্ষদে অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। পর্ষদের অনুমোদন পেলেই কেবল ঋণের অর্থ ছাড়ের বিষয়টি চূড়ান্ত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন