ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ব্যক্তিগত মতবিনিময় হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ড. খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত মতবিনিময় হয়। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন ড. খলিলুর রহমান। সেখানে তিনি বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমান স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল একটি জাতিসংঘ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতিসংঘের কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ড. খলিলুর রহমানকে ধন্যবাদ জানান।