মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মুক্তির প্রায় এক বছর আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির সিনেমা ‘রাকা’। একসঙ্গে ৩৭ জন শিল্পীর রিয়েল-টাইম মোশন ক্যাপচার করার মাধ্যমে রেকর্ডটি গড়েছে সিনেমাটি। খবর হিন্দুস্তান টাইমসের।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানায়। ছবিতে অভিনেতা আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট হাতে দেখা যায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে এই রেকর্ড তৈরি করা হয়।

সিনেমাটির প্রযুক্তিগত কাজ ইতোমধ্যে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে পরিচালক সিবী চক্রবর্তী ছবিটির ভিজ্যুয়াল নির্মাণের প্রশংসা করেন। তাঁর দাবি, সিনেমাটির ভিজ্যুয়ালের সঙ্গে হলিউডের ‘অ্যাভাটার’-এর তুলনা করা যেতে পারে।

তিনি পরিচালক অ্যাটলিকে ভারতের আরেক খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলির সঙ্গে তুলনা করে বলেন, রাজামৌলির মতো অ্যাটলিও ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ছবিটির গীতিকার বিবেকও সিনেমাটির বিশাল পরিসরের কাজের প্রশংসা করেছেন। তাঁর মতে, এ ধরনের বড় পরিসরের প্রযুক্তিনির্ভর কাজ সাধারণত হলিউডের সিনেমায় বেশি দেখা যায়।

চলতি বছরের এপ্রিল মাসে আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র প্রথম লুক প্রকাশ করা হয়। সেখানে অভিনেতাকে সম্পূর্ণ নতুন একটি অবতারে দেখা যায়। পরিচালক অ্যাটলি জানিয়েছেন, সিনেমাটির গল্প নিয়ে তিনি প্রায় ১৮ বছর ধরে কাজ করছেন।

সান পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। সংগীত পরিচালনা করছেন সাই অভ্যাঙ্কর। মুক্তির আগেই গিনেস রেকর্ডে নাম লেখানোর ফলে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন