মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নারায়ণগঞ্জ পাউবো ও জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নারায়ণগঞ্জ পাউবো ও জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় ও জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

তিনি জানান, অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র সংগ্রহ করেছে। অভিযান শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

দুদক সূত্র জানায়, নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি ক্রয় আইন ও বিধিমালার স্বার্থের সংঘাতসংক্রান্ত বিধান উপেক্ষা করে তাঁর বাবার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রকল্পের কার্যাদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে প্রকল্পের কাজ বাস্তবে সম্পন্ন না করেই শতভাগ বিল উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের একটি দল নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে।

অন্যদিকে, জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট-সংক্রান্ত সেবা দিতে সেবাপ্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল পাসপোর্ট অফিসে অভিযান চালায়।

অভিযান শেষে সংগৃহীত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে দুদক।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন