ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে সংশ্লিষ্ট ছয় কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান যুদ্ধে ১৮ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা ২২ বলে দাবি করেছেন ওই কর্মকর্তারা। তাদের মধ্যে একজন কর্মকর্তা নিহতের সংখ্যা ২৩ জন বলে জানিয়েছেন।
তবে নিহতদের সবাই ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় সরাসরি প্রাণ হারাননি। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালে তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিলেন এবং ওই সময় বিভিন্ন ঘটনায় তাদের মৃত্যু হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ চলাকালে তিনজন মার্কিন সামরিক কন্ট্রাক্টরও নিহত হয়েছেন।
ইরানে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের বড় ধরনের আর্থিক ব্যয়ও হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। টানা প্রায় ৪০ দিন ধরে চলা ওই সংঘাতে ইরানেরও উল্লেখযোগ্য সংখ্যক সেনা নিহত হন। পরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও বর্তমানে তা কার্যকর অবস্থায় নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইরানকে ঘিরে পরবর্তী পদক্ষেপের বিষয়ে কয়েক দিনের মধ্যে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দিন আগে অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতির ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র আবার বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে অথবা আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করতে পারে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত শুরুর আগে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। বর্তমানে ওয়াশিংটন আবারও আলোচনায় ফিরতে আগ্রহী হলেও তেহরান জানিয়েছে, আলোচনায় বসার আগে তাদের নির্ধারিত শর্তগুলো মানতে হবে।