মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ধর্মমন্ত্রীর

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা কিংবা পবিত্রতার প্রতি কোনো ধরনের হুমকি বা হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। প্রয়োজনে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় মুসলমানদের জীবন উৎসর্গ করার কথাও বলেছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পবিত্র স্থান। এই দুই নগরী মুসলিম উম্মাহর বিশ্বাস, আবেগ ও ভালোবাসার কেন্দ্র। সেখানে হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়।
আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা পুরো মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে বাংলাদেশের জনগণ আপসহীন। এ বিষয়ে বিশ্বের মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমানে ও ভবিষ্যতে পবিত্র দুই নগরীর বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে মোকাবিলার আহ্বানও জানান ধর্মমন্ত্রী।
বিবৃতির শেষাংশে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।