মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য

প্রিয় তারকার মৃত্যুর পর ভক্তদের শ্রদ্ধা জানানো নতুন কিছু নয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সেই শোকের প্রকাশ অনেক সময় পরিণত হচ্ছে ভাইরাল কনটেন্টে। মৃত ব্যক্তিদের নিয়ে এআই দিয়ে তৈরি গান, ছবি ও ভিডিওর এই প্রবণতাকে অনলাইনে ‘ডেথস্লপ’ বলা হচ্ছে।
সম্প্রতি প্রয়াত ডলি পার্টনকে নিয়ে তৈরি ‘Run Jolene’ নামের একটি এআই গান ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে পার্টনকে কল্পিত চরিত্র জোলেনকে স্বর্গে ধাওয়া করতে দেখা যায়। টিকটকে ভিডিওটির ভিউ ১৪ লাখ ছাড়িয়েছে।
এ ধরনের কনটেন্ট নিয়ে পার্টনের পরিবার ক্ষোভ জানিয়েছে। তাঁর বোন স্টেলা পার্টন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের ‘ফেক এআই গারবেজ’ ও ভুল তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানান।
শুধু ডলি পার্টন নন, রবিন উইলিয়ামস, এলভিস প্রিসলি, কোবি ব্রায়ান্ট ও মার্টিন লুথার কিং জুনিয়রসহ আরও অনেক মৃত ব্যক্তিকে নিয়েও এআই কনটেন্ট তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে এসব নিয়ে পরিবারগুলোর আপত্তিও দেখা গেছে।
তবে এআই এখন ব্যক্তিগত শোক প্রকাশের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। ‘গ্রিফবট’ নামের কিছু সেবায় মৃত স্বজনের ছবি, ভিডিও ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তাঁদের মতো কথা বলার এআই চরিত্র তৈরি করা হচ্ছে। কেউ কেউ এতে সান্ত্বনা পেলেও বিশেষজ্ঞরা বলছেন, এতে শোকের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এবং মানুষ প্রয়োজনীয় সামাজিক সহায়তা থেকে দূরে সরে যেতে পারে।
গবেষকদের মতে, ভবিষ্যতে জীবিত অবস্থাতেই নিজের এআই অবতার বা মৃত্যুর পর ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি ‘লিভিং উইল’-এর অংশ হতে পারে। তবে ব্যক্তিগত সম্মতি, গোপনীয়তা ও মৃত ব্যক্তির মর্যাদা নিয়ে এখনো গুরুত্বপূর্ণ নৈতিক ও আইনি প্রশ্ন রয়ে গেছে।