আজ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ করে তোলার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ব্যবস্থা করা হবে।
দুপুর ২টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একযোগে ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি শুরু হবে। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।
প্রথমে কর্মসূচিটি সকাল ১০টায় আয়োজনের পরিকল্পনা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
সবুজায়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিবছর ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। চলতি বছরে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিটি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।