ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিলেও মিডিয়া টিমকে দেয়নি যুক্তরাষ্ট্র

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তার সঙ্গে থাকা মিডিয়া টিমের সদস্যদের ভিসা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।
ইরানের প্রেসিডেন্টের মিডিয়া টিমের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা মেহর নিউজকে বলেন, মিডিয়া টিমের সদস্যরা সফরে উপস্থিত না থাকলেও পেজেশকিয়ানের বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ইরানের জনগণকে জানানো হবে।
তিনি জানান, যাতায়াতের জন্য নির্ধারিত দুই দিনসহ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফর পাঁচ দিন স্থায়ী হবে। সফরে তার সঙ্গে থাকবেন প্রেসিডেন্টের দপ্তরের চিফ অব স্টাফ মোহসিন হাজি-মির্জায়ী এবং প্রেসিডেন্সিয়াল প্রটোকল বিভাগের প্রধান সৈয়দ আব্বাস মুসৌভি।
আব্বাসি আরও জানান, নিউইয়র্কে অবস্থানকালে পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পেজেশকিয়ানের মিডিয়া টিমকে ভিসা না দেওয়ার বিষয়টি সামনে এলো। বিশেষ করে কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে চলাচল নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।