মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের টাকা তুলতে আদালতের দ্বারস্থ ৪ আমানতকারী আমলের পাশাপাশি উত্তম আখলাক অর্জনের গুরুত্ব ‘ববি জাসুস’ বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিলেও মিডিয়া টিমকে দেয়নি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত এশিয়ান গেমসে থাই ব্যাডমিন্টন খেলোয়াড়ের ডোপ টেস্ট পজিটিভ জনস্বার্থের সব আন্দোলনের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
  • বাংলাদেশকে উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত

    বাংলাদেশকে উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে আগ্রহী চীন: রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশকে এই অঞ্চলে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীন সরকার আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

    মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে।

    তিনি বলেন, আইসিটিসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে। চীন সরকার বাংলাদেশকে এ অঞ্চলের একটি উৎপাদনভিত্তিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আগ্রহী।

    চীনা রাষ্ট্রদূত আরও বলেন, চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। চীনের মেগা প্রকল্পের পাশাপাশি বাংলাদেশে মাঝারি ও ছোট আকারের বিভিন্ন প্রকল্পেও বিনিয়োগ রয়েছে।

    বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডর, রোহিঙ্গা সংকট ও জ্বালানি ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে চীন বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও দুই দেশের সম্পর্কের ধারাবাহিক উন্নয়নে অবদান রেখেছেন।

    বাংলাদেশ ও চীনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ দুই দেশের সংসদীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন স্পিকার।

    রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সরকারের সহযোগিতা কামনা করে তিনি বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।

    স্পিকার বলেন, বাংলাদেশ সব সময় ওয়ান চায়না নীতিকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও এ সমর্থন অব্যাহত থাকবে। ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস উৎপাদনে চীনের বাণিজ্যিক কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

    এ ছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এক্সিকিউটিভ কাউন্সিলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থনের জন্য চীন সরকারের সহযোগিতা কামনা করেন স্পিকার।

    এদিকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং তিস্তা নদী প্রকল্প নিয়ে আলোচনা হয়।

    বৈঠকে চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন