বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকা, বায়ুমানের স্কোর ১৬৫

রাজধানী ঢাকার বায়ুর মান আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার-এর তথ্য অনুযায়ী, এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।
মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রকাশিত সর্বশেষ তালিকায় ১৭৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৭। ভারতের কলকাতা ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৪৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে এই সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, ০–৫০ স্কোরকে ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ২০১–৩০০ স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছায়।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। বাইরে গেলে মাস্ক ব্যবহার এবং দীর্ঘ সময় খোলা পরিবেশে অবস্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।