আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ঘোষণা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছিলেন, সন্তোষজনক জবাব না পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়।
পাশাপাশি হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হাসপাতালটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো ওই নোটিশের জবাব দিতে ৭২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছিল। শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।