ভয়াবহ দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৫ শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্ত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর মান্দা উপজেলার এবং বাকি ২ জন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা।
সোমবার (২৫ মে) ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম জানান, নিহত ১৩ জনের বাড়ি উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রবাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র পর্যন্ত এলাকায়। বাকি দুইজন রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে যমুনা সেতু পূর্ব সারতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন শ্রমিক নিহত হন এবং আরও ১০ জন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রাকটিতে থাকা যাত্রীরা সবাই শ্রমিক শ্রেণির মানুষ ছিলেন।