বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হাইকোর্টে ডিইউ ভিপি ইমির জামিন

হাইকোর্টে ডিইউ ভিপি ইমির জামিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় আজ তার জামিন মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শেখ তাসনিম আফরোজ ইমির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। শুনানিতে তিনি ইমির কারামুক্তি ও জামিনের সপক্ষে আইনি যুক্তি তুলে ধরেন।

মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি পালন করছিলেন। রিকশায় মাইক বেঁধে ভাষণ বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাতে বাধা দেন। এ সময় এক পক্ষ অন্য পক্ষের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে লিপ্ত হয়।

একপর্যায়ে প্রতিপক্ষ গ্রুপটি শেখ তাসনিম আফরোজসহ দুজনকে জোরপূর্বক শাহবাগ থানার ভেতরে নিয়ে যায় এবং পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন রোববার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘদিন কারাগারে থাকার পর আজ উচ্চ আদালত থেকে জামিন পেলেন ইমি। এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে একই মামলায় গ্রেপ্তারকৃত অন্যদের বিষয়ে আদালতের পরবর্তী আদেশের অপেক্ষা করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন