দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সাগর উত্তাল রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বায়ুচাপের এই পার্থক্যের কারণে উপকূলীয় এলাকা এবং বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে বিচরণ না করার জন্য জেলেদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
রাজধানী ঢাকার আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার দুপুরে কিছুটা কমতে পারে। তবে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে প্রথম এই ৩ নম্বর সতর্ক সংকেত জারী করা হয়েছিল, যা আজ বুধবারও বহাল রাখা হয়েছে।