বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

১৪ জেলায় তাপপ্রবাহ, তীব্র গরম আরও কয়েক দিন থাকার আভাস

১৪ জেলায় তাপপ্রবাহ, তীব্র গরম আরও কয়েক দিন থাকার আভাস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী বিভাগসহ দেশের গুরুত্বপূর্ণ কিছু জেলায় এই তপ্ত আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রা কমার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যার ফলে গরমের অনুভূতি কমার সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া অফিস জানায়, রবিবার (২৬ এপ্রিল) নাগাদ ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।

সংস্থাটি আরও জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট ও সংলগ্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের সামগ্রিক তাপমাত্রা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন