বর্ণবাদী মন্তব্যে ক্ষুব্ধ হামজা, প্রতিবাদে রেফারির কড়া সিদ্ধান্ত

ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা আবারও পরাজয়ের মুখ দেখেছে লেস্টার সিটি। শনিবার (১৮ এপ্রিল) পোর্টসমাউথের কাছে ১-০ গোলে হেরে যায় দলটি। এই পরাজয়ে লিগ থেকে অবনমনের ঝুঁকি আরও বেড়ে গেছে লেস্টারের।
দলের এই হতাশাজনক দিনে ব্যক্তিগতভাবে কঠিন অভিজ্ঞতার মুখে পড়েন বাংলাদেশের বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন তিনি। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখতে হয় তাকে।
ম্যাচের ৭১ মিনিটে ঘটনাটি ঘটে। তখন ১-০ গোলে পিছিয়ে ছিল লেস্টার সিটি। ওই সময় কোচ গ্যারি রোয়েট হামজাকে মাঠ থেকে তুলে নেন। মাঠ ছাড়ার সময় কিছু সমর্থক তার উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন বলে জানা যায়।
এতে ক্ষুব্ধ হয়ে হামজা গ্যালারির দিকে এগিয়ে গিয়ে প্রতিবাদ জানান এবং সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তিনি ডাগআউটে ফিরে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ম্যাচ রেফারি সেখানে হস্তক্ষেপ করেন। হামজা ইশারায় পুরো ঘটনাটি বোঝানোর চেষ্টা করলেও রেফারি সেটি আমলে না নিয়ে তাকে হলুদ কার্ড দেখান।
রেফারির এই সিদ্ধান্তে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হামজা। পরে কোচিং স্টাফের একজনকে সরিয়ে দিয়ে ডাগআউটের বেঞ্চে বসে পড়েন তিনি।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে পড়েছে লেস্টার সিটি। ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে ২৩তম স্থানে রয়েছে। অবনমন এড়াতে হলে অন্তত ২১তম স্থানের মধ্যে উঠে আসতে হবে দলটিকে।