ফুয়েল পাস অ্যাপে তেল মিলবে আরও ১০ জেলায়

দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ‘Fuel Pass BD’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
প্রাথমিকভাবে শুধু ঢাকা জেলায় সীমিত থাকলেও এখন থেকে দেশের আরও ১০টি জেলা ও কয়েকটি মহানগর এলাকায় মোটরসাইকেল চালকেরা এই সিস্টেমে নিবন্ধনের সুযোগ পাবেন।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা ও ঢাকা মহানগরের পাশাপাশি চাঁদপুর, চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগর, বরিশাল ও বরিশাল মহানগর, খুলনা ও খুলনা মহানগর, রাজশাহী ও রাজশাহী মহানগর এবং ময়মনসিংহ অঞ্চলেও এই সেবা চালু করা হচ্ছে।
এছাড়া ঢাকা জেলার ১৮টি পেট্রলপাম্পে আজ থেকেই পাইলটিং কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি সংগ্রহের কার্যকারিতা পরীক্ষা করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পাইলটিং সফল হলে ধাপে ধাপে দেশের অন্যান্য জেলাতেও ‘Fuel Pass BD’ সিস্টেম চালু করা হবে। এতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আসবে এবং ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
‘Fuel Pass BD’ সিস্টেমটি বিআরটিএর কেন্দ্রীয় ডেটাবেইসের সঙ্গে সংযুক্ত। ব্যবহারকারীদের অনলাইনে নিবন্ধন করে কিউআর কোডের মাধ্যমে নির্ধারিত পরিমাণ জ্বালানি গ্রহণ করতে হবে। স্মার্টফোন না থাকলে প্রিন্ট করা কিউআর কোড ব্যবহার করেও সেবা নেওয়া যাবে।
নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, সচল মোবাইল নম্বর এবং ছবি প্রয়োজন হবে।