দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মজুত থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল রয়েছে ১৬ হাজার টন।
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে বলে জানান তিনি। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
জ্বালানি তেলের মূল্য নির্ধারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম সমন্বয়ের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়।
প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে দাম বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকার জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উদ্যোগের ফলে জ্বালানি খাতে কোনো বড় ধরনের সংকট তৈরি হবে না।