শিশুর পড়াশোনায় গতি আনতে সাজান নান্দনিক স্টাডি রুম

অনেক বাবা-মায়েরই অভিযোগ, শিশু পড়তে বসতেই চায় না। পড়ার টেবিলে বসালেই উঠে যেতে চায়, মন পড়ে থাকে টিভি বা মোবাইলের দিকে। তবে এ সমস্যার সমাধান শাসন বা চাপ প্রয়োগে নয়—বরং প্রয়োজন সঠিক পরিবেশ তৈরি করা।
বিশেষজ্ঞদের মতে, শিশুর পড়াশোনায় আগ্রহ বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার পড়ার পরিবেশ। একটি সুন্দর, গোছানো ও আকর্ষণীয় পড়ার ঘর শিশুর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে পড়ার আগ্রহ তৈরি করতে পারে।
শিশুর ঘর সাজানোর ক্ষেত্রে প্রথমেই নজর দিতে হবে তার বয়সের উপর। খুদের বয়সের উপর ভিত্তি করে সাজান তার ঘর। আগে পড়ার টেবিলটি গুছিয়ে ফেলুন। কাঠের টেবিল হলে শুকনো কাপড় দিয়ে ধুলো ঝেড়ে ফেলুন।
টেবিল যদি দেওয়াল ঘেঁষে হয়, তা হলে দেখবেন দেওয়ালেও যেন ঝুল না জমে। এ বার টেবিল, ড্রয়ারে যত অপ্রয়োজনীয় জিনিস আছে, সব একে একে সরিয়ে ফেলুন। এর পর বইগুলো গুছিয়ে রাখুন দেওয়ালের ধার ঘেঁষে। যদি কম্পিউটার থাকে, তা হলে টেবিলের একপাশে রেখে দিন। পেনগুলি টেবিলের উপর ছড়িয়ে রাখবেন না। পেন, পেন্সিল যা-ই থাকুক না কেন, সব পেনদানিতে গুছিয়ে রাখুন। তা হলে টেবিল অনেক পরিচ্ছন্ন ও পরিপাটি দেখতে লাগবে।
যদি জায়গা কম থাকে, তা হলে টেবিলের উপরে দেওয়ালে তাক বানিয়ে নিন। সেখানে বইগুলি গুছিয়ে রাখুন। তাকে ছোট শো-পিসও রাখতে পারেন। দেখতে সুন্দর লাগবে। বই কিন্তু তাকেও অগোছালো ভাবে রাখবেন না। সমান মাপের বইগুলি পাশাপাশি রাখুন।
পড়ার টেবিলের আরও একটা আকর্ষণ হল আলোর ব্যবহার। টেবিলটি যে মাপের, সেই অনুযায়ী টেবিল ল্যাম্প কিনে নিন। ছোট টেবিলের উপরে লম্বা, বড় টেবিল ল্যাম্প দেখতে ভাল লাগে না।
পড়ার ঘরে পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকা জরুরি। পড়ার টেবিলটি জানলার পাশে রাখুন। রাতে পড়ার জন্য ভালো মানের স্টাডি ল্যাম্প ব্যবহার করুন, যাতে বইয়ের পাতায় ছায়া না পড়ে।
পড়ার ঘরের দেওয়ালের রঙ খুব চড়া (যেমন গাঢ় লাল বা উজ্জ্বল কমলা) না হওয়াই ভাল। হালকা সবুজ, আকাশি নীল বা ঘিয়ে রঙ একাগ্রতা বাড়াতে সাহায্য করে। সবুজ রং চোখের জন্য আরামদায়ক এবং মানসিক প্রশান্তি দেবে।
পড়ার ঘরটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলতে নানা রকম গাছ দিয়ে সাজান। আসবাব কম রেখে, বরং ঘরের কোনায় ও পড়ার টেবিলে গাছ রাখুন। মানিপ্ল্যান্ট, জেড প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট দেখতে খুব ভাল লাগবে। যদি ফুলদানি থাকে, তা হলে তাজা ফুল এনে সাজিয়ে রাখুন। দেখতেও সুন্দর লাগবে, শিশুর সেখানে বসতেও ভাল লাগবে।
পড়ার মাঝে খিদে পেলে তার ব্যবস্থাও রাখুন। ছোট ছোট জারে ড্রাই ফ্রুটস রেখে দিতে পারেন টেবিলে। এতে যেমন খিদে মিটবে, তেমনই স্বাস্থ্যের দিকে নজরও রাখা হবে। ড্রাই ফ্রুটস খেলে শিশুর ভাজাভুজি খাওয়ার ইচ্ছা হবে না। টেবিলের পাশে ‘ওয়েস্ট পেপার বাস্কেট’ রাখুন। যে জিনিসের প্রয়োজন ফুরোবে সেটি কী ভাবে ফেলতে হবে তা শিখিয়ে দিন খুদেকে। তা হলে ছোট থেকেই পরিচ্ছন্ন থাকার ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস তৈরি হয়ে যাবে।