অনলাইন ক্লাস চালুর প্রস্তাব নিয়ে আজ জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় বাদে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও সশরীর মিলিয়ে (ব্লেন্ডেড) ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এক দিন অনলাইনে ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস হবে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষকেরা সশরীর উপস্থিত থেকে পাঠদান করবেন। ব্যবহারিক ক্লাস সম্পূর্ণ সশরীরভাবে পরিচালিত হবে।
এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হওয়ায় বাংলাদেশেও জ্বালানির ওপর চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি গুরুত্ব পেয়েছে।