বৈশাখ বরণে জাসাসের বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা

আগামী পহেলা বৈশাখ উদযাপনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
বুধবার (১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
জাসাসের সাবেক সহ-সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতি বছরের মতো এবারও সংগীত, নৃত্য ও দেশীয় সংস্কৃতির সমন্বয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই দিনটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য জাসাসের কেন্দ্রীয় নেতারা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, খুব শিগগিরই পাঁচটি উপকমিটি গঠন করা হবে। এসব উপকমিটির মাধ্যমে অনুষ্ঠান আয়োজনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।
বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, সাবেক সহ-সভাপতি শায়রুল কবির খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।