বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

“অটিজম ও মানবতা–প্রতিটি জীবনেরই মূল্য আছে” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) পালিত হচ্ছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং স্নায়ুবৈচিত্র্যের অগ্রগতির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
দিবসটির মূল লক্ষ্য হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ে তোলা।
এ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সামাজিক সংগঠন নানা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের পারস্পরিক মেলামেশা এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।
অটিজমে আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের জীবনমান উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে।