ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় তানভীর আহমেদ মেরাজ (২২) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি বাসার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেরাজ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি কাউতলী পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজ কক্ষে অবস্থান করছিলেন মেরাজ। সকালে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে একটি বার্তাও উদ্ধার করেছে পুলিশ। দেয়ালে লেখা ওই বার্তায় মেরাজ নিজের জীবন নিয়ে হতাশা প্রকাশ করেন এবং নিজের ইচ্ছায় পৃথিবী ছেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি পরিচিতদের কাছে ক্ষমাও প্রার্থনা করেছেন বলে জানা গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।