রোজায় স্বাদ বাড়াতে ইফতারে ছোলা চাট

রমজানে দিনভর রোজা রাখার পর ইফতারের আয়োজনে বাঙালির প্রথম পছন্দ মুড়ি মাখানো। আর সেই মুড়ি মাখানোকে সুস্বাদু ও প্রাণবন্ত করতে ‘ছোলা চাট মিক্স’ এর কোনো বিকল্প নেই। এটি কেবল রসনাবিলাসই নয়, বরং প্রোটিন ও ফাইবারে ঠাসা একটি স্বাস্থ্যকর খাবার। সাধারণ কিছু ঘরোয়া উপকরণেই আপনি তৈরি করে নিতে পারেন এই মুখরোচক পদটি।
প্রয়োজনীয় উপকরণ
১. ছোলা ২ কাপ (ভেজানো)
২. লেবুর রস ও লেবুর খোসা ১ চামচ
৩. আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, জিরা বাটা/গুঁড়া ১/২ চামচ, ধনে গুঁড়া ১ চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, মরিচ গুঁড়া ১/২ চামচ, গরম মশলা গুঁড়া ১/২ চামচ
৪. চাট মসলা ১ টেবিল চামচ
৫. বিট লবণ স্বাদমতো
৬. কাঁচা মরিচ ৪-৫টি (কুচি), গোল মরিচ গুড়া ১/৩ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ
৭. পুদিনা পাতা কুচি ৩ চামচ, ধনিয়া পাতা কুচি ১/২ কাপ
৮. আদা কুচি ১ চামচ
৯. তেজপাতা ৩টি
১০. সয়াবিন তেল ১ কাপ
প্রস্তুত প্রণালী:
১. ছোলা অন্তত ৬-৮ ঘণ্টা বা সারারাত ভিজিয়ে রাখুন। এরপর প্রেশার কুকারে পরিমাণমতো লবণ দিয়ে ৩-৪টি শিস দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন।
২. সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভাজুন।
৩. ভাজা পেঁয়াজে একে একে সব বাটা ও গুঁড়া মশলা দিয়ে সামান্য পানি যোগ করুন। যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে, ততক্ষণ ভালো করে কষাতে থাকুন।
৪. কষানো মশলায় আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিন।
৫. মশলার স্বাদ যেন ছোলার ভেতরে ঠিকমতো পৌঁছায়, সেজন্য সসপ্যানটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন।
সবশেষে ওপর থেকে গরম মশলা গুঁড়া, সামান্য কাঁচা পেঁয়াজ কুচি, পুদিনা পাতা, ধনেপাতা ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন। ২ মিনিট মৃদু আঁচে রেখে নামিয়ে নিলেই তৈরি আপনার প্রিয় ছোলা চাট মিক্স।