রমজানে ইফতারের পর কেন মাথাব্যথা ? জানুন প্রতিরোধের কৌশল

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর অনেকেরই ইফতারের পরে মাথাব্যথা শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, এটি মূলত উপবাসের কারণে শরীরে পানিশূন্যতা এবং দৈনন্দিন রুটিন পরিবর্তনের কারণে হয়। সাধারণত এটি হালকা থেকে মাঝারি ধরনের হয়। যারা দিনে ঘন ঘন চা বা কফি পান করেন, তারা রোজা রেখে এসব পানীয় না খাওয়ায়ও মাথাব্যথা অনুভব করতে পারেন।
২০১১ সালের একটি গবেষণায় দেখা গেছে, রমজান মাসে রোজা রাখার সময় অনেক ব্যক্তি মাইগ্রেনের শিকার হন অথবা যারা আগে থেকেই মাইগ্রেনে ভুগছেন তাদের ব্যথা বৃদ্ধি পায়। ইফতারের পর মাথাব্যথা এড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি:
১. পর্যাপ্ত পানি পান করুন
সারাদিন রোজা রাখার কারণে শরীরে পানির ঘাটতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রমজান মাসে কম পানি খাওয়াই মাথাব্যথার অন্যতম কারণ। তাই ইফতার ও সেহরির সময় পর্যাপ্ত পানি পান করা উচিত। এছাড়া শশা, তরমুজ এবং অন্যান্য তরল খাবার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।
২. ক্যাফেইন জাতীয় খাবার এড়িয়ে চলুন
ইফতারের পর অতিরিক্ত চা ও কফি পান না করা ভালো। বিশেষত যারা চা-কফির প্রতি আসক্ত, তারা রোজা রাখার সময় এই পানীয় খেতে না পারায় বা মানসিক চাপ বাড়লে মাথাব্যথা আরও বেড়ে যেতে পারে।
৩. মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন
ইফতারের সময় শরীর হাইড্রেট রাখার জন্য প্রচুর ফলের রস, পানি এবং শরবত খাওয়া উচিত। রোজার সময় রক্তে শর্করার মাত্রা ওঠানামা করলে মাথাব্যথা হতে পারে। তাই মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমানো উচিত।
৪. সেহরি ও ইফতারে সঠিক খাবার গ্রহণ করুন
সেহরি ও ইফতারে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিনযুক্ত খাবার খান। চিনি যুক্ত খাবার, অতিরিক্ত চা ও কফি এড়িয়ে চলুন।
৫. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন
রোজার দিনে ঘুমের ছন্দ কিছুটা ব্যাহত হয়। সেহরির পর যতটা সম্ভব ঘুমান। দিনের মধ্যে ২০-৩০ মিনিটের পাওয়ার ন্যাপ ক্লান্তি কমাতে সাহায্য করে।