আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল মাসে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ শনিবার রাত ১২টার পর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সময়ে মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর জেলা প্রশাসন জানিয়েছে, মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার এবং হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বরফ কলও বন্ধ থাকবে।
নিবন্ধিত ৩৯,৪০০ জন জেলেকে সরকার চার কিস্তিতে ১৬০ কেজি করে চাল বিতরণ করবে। নিষেধাজ্ঞা অমান্য করলে একজন জেলে কমপক্ষে এক থেকে দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানার মুখোমুখি হতে পারে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, জাটকা রক্ষায় পদ্মা-মেঘনা নদীতে সমস্ত ধরনের মাছ ধরার দুই মাস নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এসময় জেলেদের ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে। নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল টহল অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ বিশেষজ্ঞ ড. মো. আনিসুর রহমান বলেন, শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়; জাটকা সংরক্ষণ কার্যকর করতে জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।