মন্ত্রী ও উপদেষ্টাদের জন্য ৭ একান্ত সচিব ও সহকারী নিয়োগ

নতুন সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং প্রতিমন্ত্রীদের দপ্তরে আরও সাতজন একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং দাপ্তরিক সমন্বয় জোরদার করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট দপ্তরের নীতিনির্ধারণী কার্যক্রমে সহায়তা, সমন্বয় রক্ষা এবং দাপ্তরিক তদারকিতে ভূমিকা রাখবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা দ্রুত দায়িত্ব গ্রহণ করবেন এবং সরকারের চলমান কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে নতুন সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তরে একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগের তথ্য জানায়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরে পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব এ কে এম তাজকির-উজ-জামান। একই সঙ্গে এপিএস হয়েছেন মো. মাকসুদুর রহমান। এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জহির উদ্দিন স্বপন।
স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সালাহউদ্দিন আহমদ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর পিএস হয়েছেন উপ-সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন। এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপ-সচিব মো. শফিকুর আলম। এ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আফরোজা খানম (রিতা)।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-এর পিএস হয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপ-সচিব) মো. তানজিল্লুর রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির-এর পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি থাকা উপ-সচিব মো. হারুন-অর-রশিদ। একই সঙ্গে এপিএস হয়েছেন মো. জোবায়ের হোসেন।
প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন-এর পিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সহকারী একান্ত সচিবদের ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী নবম গ্রেডের ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা দায়িত্বে বহাল থাকা পর্যন্ত বা সংশ্লিষ্টদের এপিএস হিসেবে রাখার ইচ্ছা পোষণ করা পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য, নতুন সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।