আজ প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তির ফল

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফলাফল আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। এদিন দুপুর ১টায় ফলাফলের সারসংক্ষেপ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল হস্তান্তরের পর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।
এবারের পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, জুনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়, যা তাদের পরবর্তী শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এবার জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর। গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে শুরু হয়েছিল এই পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয়েছে দুপুর ১টায়। এতে অংশ নিয়েছিলেন প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা।
এবার শিক্ষার্থীরা দুইভাবে তাদের পরীক্ষার ফল দেখতে পারবেন—অনলাইন ও এসএমএস পদ্ধতিতে।
অনলাইন পদ্ধতি: শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই dpe.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ (2026) দিলেই ফল দেখতে পাবেন।
এসএমএস পদ্ধতি: এছাড়া শিক্ষার্থীরা চাইলে তাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ (16222) নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ফলাফল দেখতে পাবেন।
এবার পরীক্ষার্থীদের ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। এ বৃত্তি বণ্টন করা হয়েছে বোর্ড ভিত্তিক। উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে। নীতিমালা অনুযায়ী বৃত্তি দেয়া হচ্ছে শিক্ষার্থীদের।