ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎস নেত্রকোণা

সিলেট অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটের দিকে এ কম্পন টের পান অনেকেই।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটি তুলনামূলকভাবে মৃদু হলেও আকস্মিক কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্পটি স্বল্পস্থায়ী ছিল বলে জানা গেছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টা ২৯ মিনিট ৪২ সেকেন্ডে ওই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহ-নেত্রকোণার ২৪.৮৭° উত্তর অক্ষাংশ ও ৯০.৭৮° দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ১২৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ৩ দশমিক ৬ মাত্রার ওই ভূকম্পনটি মৃদু শ্রেণির একটি ভূমিকম্প।
এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও দেশে ভূকম্পন অনুভূত হয়। ওইদিন দুপুরে সুনামগঞ্জের ছাতকে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। তবে পরপর দু’দিনের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।