আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তার এই ভাষণ সম্প্রচার করবে।
বিটিভি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তারেক রহমানের ভাষণ প্রচার করা হবে। নির্বাচনের প্রাক্কালে দেওয়া এ ভাষণে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনসংক্রান্ত বিষয়, গণতন্ত্র, ভোটাধিকার এবং আগামী দিনের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমান তার ভাষণে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন, অবাধ ও সুষ্ঠু ভোটের প্রয়োজনীয়তা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অধিকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা সম্পর্কেও বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বিটিভিতে রাজনৈতিক দল ও জোটপ্রধানদের জাতির উদ্দেশে ভাষণ সম্প্রচার করা হচ্ছে।